Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ চুক্তি কার্যকর হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ইয়ো হান-কু বলেন, এরই মধ্যে অনেক দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, গাড়ি নির্মাণ, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বব্যাপী দক্ষতার পরিচয় দিয়েছে, আর বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় জনশক্তি। দক্ষিণ কোরিয়া চাইলে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে কর্মীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ দিয়ে দেশটির জাহাজ নির্মাণ শিল্পে কাজে লাগাতে পারে।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো বাংলাদেশে জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

বৈঠকে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নিয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীকে অবহিত করা হয়।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এসব প্রস্তাব দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ