উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।
প্রেস উইং আরও জানায়, সরকার হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হয়।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বেশ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
বৈঠকে স্কুল-কলেজে ক্লাস শুরু ও ছুটির সময় সড়কে যানজট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংই মূলত এই যানজটের কারণ। এ সমস্যা সমাধানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের জন্য ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এবং ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে