ঢাবিতে তারুণ্য ও স্টার্টআপ বিষয়ক অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ এবং বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি তার দ্বিতীয় সফর।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ক্যাম্পাস এলাকায় পৌঁছালে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় সাধারণ শিক্ষার্থীরাও হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
অনুষ্ঠানের শুরুতে আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খান। সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আয়োজনে বাংলাদেশের স্টার্টআপ খাতের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এর পাশপাশি সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করার কথা রয়েছে।
একই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে 'জাতীয় স্টার্টআপ এবং উদ্যোক্তা প্ল্যাটফর্ম' উদ্বোধন করা হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মেই পাবেন।
তরুণদের উদ্ভাবনী ভাবনাকে বাস্তব উদ্যোগে রূপান্তর, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এর আগে গত ১২ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক এক কর্মশালায় প্রধানমন্ত্রী হিসেবে অংশ নিয়েছিলেন তারেক রহমান।
মতামত দিন