Views Bangladesh Logo

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ শুরু হয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে পাওনা অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, প্রাথমিকভাবে অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধা ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আটকে থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছিলেন। নতুন এ উদ্যোগের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীর সেই সংকট কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ