Views Bangladesh Logo

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হবে না।

তিনি আরও বলেন, “জাতি সর্বদা তার অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৯০ বছর বয়সী মুস্তাফা মনোয়ার সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কালজয়ী শিল্পস্রষ্টা চিত্রকলা, পুতুলনাচ, শিশুদের অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখেছেন। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরার নাকোল গ্রামে জন্ম নেওয়া মুস্তাফা মনোয়ারের পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন বিশিষ্ট কবি গোলাম মোস্তফার ছেলে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ