আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) একনেক সভায় পরিবেশগত সমস্যা সমাধান এবং প্রকল্পের নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে 'চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প' অনুমোদন করা হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
শিল্পায়নের গতি ত্বরান্বিত করা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি ২ হাজার ৪৬৭ কোটি টাকা আসবে প্রকল্প ঋণ ও অনুদান থেকে।
প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক পরিবেশগত মান অনুসরণ করে পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার নির্দেশ দেন। একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং শোধিত পানি পুনরায় ব্যবহারযোগ্য করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি পুরো শিল্পাঞ্চলে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এসব নির্দেশনা বাস্তবায়নের শর্তে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে এবং চূড়ান্ত পরিকল্পনায় এই পরিবেশবান্ধব পদক্ষেপগুলোর প্রতিফলন ঘটাতে হবে।
মতামত দিন