Views Bangladesh Logo

মন্ত্রী-এমপিদের মার্জিত থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদীয় দলের প্রথম সভায় মন্ত্রী ও সংসদ সদস্যদের চলনে–বলনে সতর্ক ও মার্জিত থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সভাটি।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বিশেষভাবে গুরুত্বারোপ করেন, যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন।

সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মোট ২০৯ জন সংসদ সদস্য সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রী সভায় দলের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।

নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সারাদেশে খাল খনন ও ডেঙ্গু প্রতিরোধমূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু করার জন্য সবাইকে সতর্ক করেছেন।

তারেক রহমান বলেন, দৈনন্দিন জীবনযাপন ও অফিসে যাতায়াতের ক্ষেত্রে সকলকে নিয়ম মেনে চলতে হবে। অফিসে নিয়মিত ও সময়মতো উপস্থিত থাকা জরুরি।

সভায় তিনি মন্ত্রিসভার তরুণ সদস্যদের ওপর বিশেষ নজর রাখার আহ্বান জানান।

সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশনের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংসদ অধিবেশন শুরুর পর দুদিন বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ পুনরায় অধিবেশন বসবে এবং ঈদুল ফিতরের পর ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ