একটি পক্ষ বিএনপিকে সরিয়ে দেশে ফ্যাসিস্ট সরকার আনতে চায়: মির্জা ফখরুল
একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, তারা বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকার আনতে চায়। ছাত্র রাজনীতিতে যারা উশৃঙ্খল আচরণ চালু করেছে, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী।
মির্জা ফখরুল বলেন, ‘একটি পক্ষ বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে চেয়েছে। জামায়াতের আমির বলেছেন- আমরা নাকি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছি। আমি তার বক্তব্যের নিন্দা ও প্রত্যাখ্যান করছি। কারণ এ নির্বাচন যে সুষ্ঠু হয়েছে তা দেশ-বিদেশে স্বীকৃত। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তারা আবার একটি ফ্যাসিস্ট সরকার আনতে চায় কি না তা দেখতে হবে।’
শ্রমিক দিবস নিয়ে দলের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি সেদিন হবে আমাদের আগামীর রাজনীতির গতিপথ নির্ণয়ের শপথ নেওয়ার দিন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে