Views Bangladesh Logo

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চায় পিরোজপুর ছাত্রদল

গোপালগঞ্জে ছাত্রদল নেতা মো. সাব্বির খানকে বাস থেকে নামিয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা ছাত্রদলের নেতারা।

শুক্রবার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা এ কথা জানান। আগের রাতে নির্যাতনের শিকার সাব্বির খান পিরোজপুরে পৌঁছালে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাব্বির পিরোজপুরে পৌঁছান। পরে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দেন।

ভিডিও কলে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার কেন্দ্রীয় সভাপতিকে বলেন, ‘ভাইয়া, আপনি আমাদের ক্যাপ্টেন, আমাদের অভিভাবক। আপনার নির্দেশনা পেলেই আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জীবনের ভয় করি না, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।’

তিনি আরও বলেন, কিছুদিন আগে নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনও কেন্দ্রীয় সভাপতিকে জানান, তার নেতৃত্বে যেকোনো জায়গায় যেতে প্রস্তুত তারা।

জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে এবং প্রত্যেকের বিচার হবে। গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন, বরং তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে—এ কথাও উল্লেখ করেন তিনি।

আহত সাব্বিরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সুস্থ হওয়ার পর তার পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় সভাপতি।

এর আগে ঢাকা থেকে পিরোজপুরে যাওয়ার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণের অভিযোগ ওঠে। সাব্বিরের অভিযোগ, হামলাকারীরা তাকে মারধর করে এবং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে জোরপূর্বক বক্তব্য প্রচার করে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে সাব্বিরের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ