Views Bangladesh Logo

তরুণীকে জড়িয়ে ধরে আছেন পরিচালক র‍্যাটনার, ছবি মিলল এপস্টিন ফাইলে

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্রের পরিচালক ব্রেট র‍্যাটনারকে এক তরুণীর সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে। এপস্টিন ফাইলের এমন কিছু ছবি শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে।

‘রাশ আওয়ার’ সিরিজ ও ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’-এর পরিচালক র‍্যাটনারকে ছবিগুলোতে একটি সোফায় বসে থাকতে দেখা যায়। সেখানে তার পাশে রয়েছেন প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন এবং আরও দুই নারী। ওই নারীদের পরিচয় গোপন রাখা হয়েছে।

ছবিগুলো কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, এগুলো সেই একই স্থানে তোলা, যেখানে গত ডিসেম্বর প্রকাশিত র‍্যাটনার, এপস্টিন ও প্রয়াত ফরাসি মডেলিং এজেন্ট জ্যঁ-লুক ব্রুনেলের একসঙ্গে থাকা ছবিগুলো তোলা হয়েছিল।

নথিপত্রে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত পাওয়া যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য র‍্যাটনারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

শুক্রবার প্রকাশিত এসব ছবি ও নথি ছিল এপস্টিন-সংক্রান্ত কোটি কোটি ফাইলের একটি অংশ। ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে বিচার অপেক্ষায় থাকাকালে কারাগারে এপস্টিনের মৃত্যু হয়।

ছবির থাম্বনেইলগুলোতে র‍্যাটনার, এপস্টিন ও ব্রুনেলকে বিভিন্ন নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল ও স্বস্তিতে সময় কাটাতে দেখা যায়। সব নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।

যে আইনের আওতায় এসব ফাইল প্রকাশ করা হয়েছে, তাতে ভুক্তভোগী বা চলমান তদন্ত সুরক্ষার স্বার্থে তথ্য গোপন রাখার নির্দেশ রয়েছে। তবে বহু ভুক্তভোগীর পক্ষে থাকা এক আইনজীবীর দাবি, এই প্রকাশনায় অনেক জীবিত ভুক্তভোগীর পরিচয় প্রকাশ হয়ে গেছে।

এই ফাইলগুলো প্রকাশের দিনই মুক্তি পায় ‘মেলানিয়া: ২০ ডেজ টু হিস্ট্রি’ নামের তথ্যচিত্রটি। এতে ২০২৫ সালের জানুয়ারিতে তার স্বামীর অভিষেকের আগে ফার্স্ট লেডির জীবনের পর্দার আড়ালের কিছু সময় তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্রটি সমালোচক ও রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্টতা ও অর্থায়ন নিয়ে শুরু থেকেই ছবিটি সমালোচনার মুখে পড়ে, এমনকি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগেই।

এদিকে, ২০১৭ সালে #মিটু আন্দোলনের সময় যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর এটি র‍্যাটনারের প্রথম প্রকল্প। তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শুক্রবার প্রকাশিত ফাইলগুলোতে এপস্টিনের সঙ্গে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক নিয়েও নতুন তথ্য উঠে এসেছে। তালিকায় রয়েছেন ইলন মাস্ক, লর্ড পিটার ম্যান্ডেলসন, বিল গেটস ও অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর।

এর মধ্যে সাবেক ডিউক অব ইয়র্কের কিছু ছবিও রয়েছে। এপস্টিনের সঙ্গে সম্পর্কের কারণে যার রাজকীয় উপাধি কেড়ে নেওয়া হয়েছিল। ছবিগুলোতে তাকে এক নারীর ওপর ভর দিয়ে হাঁটু গেড়ে থাকা অবস্থায় দেখা যায়।

এপস্টিনের অর্থায়নে যুক্তরাষ্ট্রে এমসি২ মডেল ম্যানেজমেন্ট এবং ১৯৭৭ সালে ফ্রান্সে কারিন মডেলস সহ-প্রতিষ্ঠা করা ব্রুনেলকে ২০২২ সালে প্যারিসের একটি কারাগারে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া যায়। কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বলে ধারণা করে।

অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণ ও যৌন পাচারের সন্দেহে তদন্তাধীন ছিলেন ব্রুনেল। প্রসিকিউটরদের ধারণা ছিল, তিনি এপস্টিনের জন্য তরুণীদের পরিবহনে জড়িত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ