Views Bangladesh Logo

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ৭৬, নিখোঁজ ১৩

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। তবে এ দুর্ঘটনায় এখনো অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

ক্ষতিগ্রস্ত নৌযানের ভেতর থেকে আরও ৪১টি মরদেহ উদ্ধারের পর ফিলিপাইন কোস্ট গার্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু নিয়ে ‘এমভি জুন অ্যাস্টোর’ নামের ফেরিটি বুধবার রাজধানী ম্যানিলা থেকে পর্যটন নগরী করনের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যেই নৌযানটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনার পর ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের বড় একটি অংশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর তীব্র উত্তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণে প্রাথমিক পর্যায়ে ফেরির ভেতরে ঢুকতে পারেননি উদ্ধারকারীরা। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শুক্রবার থেকে মূল উদ্ধার কাজ শুরু হয়।

কোস্ট গার্ডের প্রাথমিক তথ্যানুযায়ী, ফেরির কার্গো অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো নৌযানে ছড়িয়ে পড়ে। বেঁচে যাওয়া যাত্রীরা জানান, আগুন ও ধোঁয়া দেখতে পাওয়ার ঠিক আগে বিকট একটি বিস্ফোরণের শব্দ পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় লাইফ জ্যাকেট পরা কিংবা আত্মরক্ষার সুযোগ পাননি অনেকেই।

বর্তমানে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে কাজ করছে দেশটির প্রশাসন। প্রয়োজনে ছবি, ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জানা গেছে, ২০০২ সালে নির্মিত এই ফেরিটির হালনাগাদ নিরাপত্তা সনদ ছিল এবং চলতি বছরের মার্চেই এটি নিয়মিত পরিদর্শন সম্পন্ন করে।

ইতোমধ্যে যাত্রীতালিকা, পণ্য বহনের নিয়মাবলী এবং দুর্ঘটনার পর ক্রুদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এই তদন্তে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘অতিয়েঞ্জা ইন্টারআইল্যান্ড ফেরিজ’।

এদিকে নিখোঁজদের খোঁজে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে এই দুর্ঘটনার পর ফিলিপাইনে যাত্রীবাহী ফেরির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ