Views Bangladesh Logo

বাংলাদেশে ‘পুশব্যাক’, আসাম সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রিট

বাংলাদেশে তথাকথিত ‘বিদেশি’ চিহ্নিত করে তাদের পুশব্যাক করার আসাম সরকারের পদক্ষেপের বিরুদ্ধে রিট করা হয়েছে গুয়াহাটি হাইকোর্টে। এই রিট করেছে অল বিটিসি মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন নামে একটি সংগঠন। তাদের অভিযোগ, রাজ্য সরকারের এই ‘পুশব্যাক’ নীতি সংবিধানবিরোধী এবং বেআইনি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এর আগে এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল। তবে সেখান থেকে জানানো হয়, বিষয়টি হাইকোর্টের এখতিয়ারভুক্ত, তাই মামলা সেখানে করার পরামর্শ দেয়া হয়।

শুক্রবার (২৭ জুন) গুয়াহাটি হাইকোর্টে মামলাটির শুনানি হয়। বিচারপতি মনীশ চৌধুরী ও মিতালি ঠাকুরিয়ার বেঞ্চ আবেদনকারীদের পক্ষে আইনজীবীদের বলেন, যারা এই পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করতে হবে।

আদালতে উপস্থিত আবেদনকারীদের আইনজীবী এ আর ভূঁইয়া জানান, তিনি এমন ব্যক্তিদের তালিকা পেয়েছেন, যাদের আটক করে সীমান্তে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনি দাবি করেন, ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছিলেন, কিন্তু পুশব্যাকের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি আদালতকে আশ্বস্ত করেন, আগামী ১৪ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য দিয়ে একটি অতিরিক্ত হলফনামা জমা দেবেন।

রিটের পক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জ্যেষ্ঠ আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, ‘আসাম সরকার আইনগত ভিত্তি ছাড়াই পুশব্যাক করছে।’ তিনি যুক্তি দেন, সীমান্তে কাউকে ঢোকার আগেই আটকে দিলে সেটাকে পুশব্যাক বলা যায়। কিন্তু যারা আগে থেকেই ভারতের ভেতরে রয়েছেন, তাদের বিচার না করে বা আইনি প্রক্রিয়া শেষ না করে জোর করে সীমান্তে ঠেলে দেয়া আইনসিদ্ধ নয়।

রিটে আবেদনকারী সংগঠনটি আদালতের কাছে অনুরোধ করেছে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া যেন কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। সংগঠনটি বলছে, পুশব্যাক কার্যক্রম শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, বরং ভারতের সংবিধান ও আইনকেও লঙ্ঘন করে।

এ বিষয়ে আগামী শুনানির জন্য ১৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ