কোকেনের মামলায় পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
কোকেন চোরচালানকারী পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে পাকিস্তানের নাগরিক মোস্তফা আশরাফকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ জুন রাজধানীর তেজগাঁও এলাকার ওয়েস্টার্ন হোটেল থেকে ৩ কেজি কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন চার আসামি। খালাস পাওয়া আসামিরা হলেন- মো. মোস্তফা, শামসুল হক, হালিমা খানম সাদিয়া ও সাবরিনা নাসরিন তানিয়া।
রায় ঘোষণার আগে পেরুর নাগরিক জাগাসেতা আলভারাডো জুয়ানারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার আসামি তানিয়া জামিনে থেকে হাজিরা প্রদান করেন। পাকিস্তানি নাগরিকসহ অন্য চার আসামি পলাতক রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে