পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি ৪৯ লাখ ডলারে বিক্রি
ব্রাজিল কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে (প্রায় ৬০ কোটি টাকা)। এর মধ্য দিয়ে পেলের ব্যবহৃত স্মারক হিসেবে এটি ইতিহাসের সবচেয়ে দামী নিলামযোগ্য সামগ্রীতে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার নিলাম প্রতিষ্ঠান সাদেবিস এই তথ্য জানিয়েছে।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল। ঐতিহাসিক সেই ম্যাচেই এই জার্সি পরেছিলেন পেলে। মাত্র ১৭ বছর বয়সে ফাইনালে দুটি গোল করে তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন, যা এখনো অক্ষুণ্ন রয়েছে।
সাদেবিস জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে পাঁচজনের বেশি ক্রেতা অংশ নেন এবং মোট ১০টি দর ওঠার পর শেষ পর্যন্ত ৪৯ লাখ ডলারে বিক্রি হয় জার্সিটি। ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ায় এর মূল্য এতটা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি বিশ্বজুড়ে ‘পেলে’ নামেই পরিচিত, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত। তিনি একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েন। ২০২২ সালে তিনি মারা যান।
সাদেবিস আরও জানিয়েছে, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক ছবিগুলোর মধ্যে অন্যতম। ফলে সেই ম্যাচে ব্যবহৃত জার্সিটি সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি স্মারক।
এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে বিক্রি হয়েছিল ৭০ হাজার ৫০৫ পাউন্ডে (প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার)। দুই দশকে এর মূল্য কয়েক ডজন গুণ বেড়েছে।
তবে সব ধরনের ক্রীড়া স্মারকের মধ্যে এটি সবচেয়ে দামী নয়। সেই রেকর্ড এখনো রয়েছে বেসবল কিংবদন্তি বেব রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজের জার্সির দখলে, যা ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
এ ছাড়া মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি ১ কোটি ১ লাখ ডলার এবং দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচের জার্সি ৯২ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছিল।
মতামত দিন