ব্রাজিলের ফুটবল ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের আকস্মিক বিদায়ের পর দেশটির ফুটবল ফেডারেশনের তীব্র সমালোচনা করেছেন ফুটবল কিংবদন্তি পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো। প্রতিভার অভাব নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও স্বচ্ছতার অভাবে ব্রাজিলের এই বিপর্যয়ের মূল কারণ বলে দাবি করেছেন তিনি।
চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় সেলেসাওরা। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিদায়। এই হারের ফলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের শিরোপা খরা দীর্ঘায়িত হয়ে ২৪ বছরে ঠেকল, যারা সর্বশেষ ২০০২ সালে ট্রফি জিতেছিল।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা কেলি নাসিমেন্তো বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবল এখন পুরোপুরি ভেঙে পড়েছে। কেন এটি কাজ করছে না, তা সবাই জানে; কিন্তু কেউই এটি মেরামত করতে পারছে না।’
তিনি জোর দিয়ে বলেন, ব্রাজিল এখনো বিশ্বমানের ফুটবলার তৈরি করছে, কিন্তু দেশের ফুটবল প্রশাসনের অভ্যন্তরীণ সমস্যা এবং দুর্বল কাঠামোর কারণে সেই প্রতিভাকে আন্তর্জাতিক সাফল্যের মঞ্চে রূপান্তর করা যাচ্ছে না। দুর্নীতি, জবাবদিহিতার অভাব এবং স্বচ্ছতাহীন একটি বন্ধ ফুটবল পরিবেশ তৈরি হওয়ার কারণেই এই বিপর্যয় ঘটছে।
কেলি আরও জানান, তার বাবা পেলে বেঁচে থাকতেও দীর্ঘদিন ধরে ব্রাজিলের ফুটবল প্রশাসন ও এর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
তবে এই চরম হতাশার মধ্যেও দেশের ঘরোয়া ফুটবলে বিদেশি বিনিয়োগের মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। আমেরিকান ব্যবসায়ী জন টেক্সটরের অধীনে বোটাফোগো ক্লাবের আমূল পরিবর্তনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ফুটবলে আরও বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ব্রাজিলিয়ান ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপে মরক্কোর সাথে ড্র দিয়ে ব্রাজিলের যাত্রা শুরু হয়। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে উঠলেও সেখানে আর নিজেদের মেলে ধরতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ষোলোর ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় তারা।
মতামত দিন