নিয়ম ভেঙে রাস্তা পার হলে পথচারীদের জেল-জরিমানা: ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে পথচারীদের জেল ও জরিমানার মুখে পড়তে হবে। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি রোববার (১২ এপ্রিল) জারি করা হয়েছে, যা স্বাক্ষর করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারোয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো পথচারী বা সড়ক ব্যবহারকারী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে, কিংবা জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এছাড়া অনুমোদনহীন স্থানে যাত্রী বা পণ্য ওঠানামা করালে চালকের ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং এক পয়েন্ট কাটা হবে। উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়ক শৃঙ্খলা উন্নত করতে গুরুত্বপূর্ণ মোড়গুলোকে সিগন্যাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, হোটেল সোনারগাঁও, ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাহাঙ্গীর গেট, গুলশান-২ ও গুলশান-১ মোড়ে ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হয়েছে।
এছাড়া অস্থায়ীভাবে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত (আরং মোড়), খেজুরবাগান, জুলাই মেমোরিয়াল মিউজিয়াম, মাজার রোড, আবুল হোটেল, মৌচাক, রায়সাহেব বাজার মোড় এবং লাভ রোড (রাতে) সিগন্যাল লাইট বসানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আরও ছয়টি মোড়ে—হাইকোর্ট, কদম ফোয়ারা, মৎস্য ভবন, কাকরাইল মসজিদ, পুলিশ ভবন ও শাহবাগ—সিগন্যাল লাইট স্থাপন করেছে, যা শিগগির চালু হবে।
ডিএমপি পথচারীদের ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার নির্দেশ দিয়েছে। নিয়ম ভঙ্গ করলে ভ্রাম্যমাণ মহানগর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হবে এবং সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে ভিডিও মামলা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে