Views Bangladesh Logo

কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, হামলাকারীকে ধরে মারধর

রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়ার পরও ওই ব্যক্তি হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাকে কয়েকজন মিলে মারধর করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পথচারীর নাম আক্তার হোসেন। তার বাড়ি চাঁদপুরে এবং তিনি তেজগাঁও এলাকায় থাকেন। আর ছুরিকাঘাতের ঘটনায় আটক ব্যক্তির নাম মাজহারুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহের শেরপুর এলাকায় এবং তিনি ঢাকার পান্থপথে থাকেন।

পুলিশ জানায়, আক্তার হোসেনকে ছুরিকাঘাতের পর হামলাকারীকে ঘটনাস্থলেই ধরে ফেলেন তিনি। পরে আহত আক্তারসহ কয়েকজন পথচারী মাজহারুলকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজহারুলকে আটক করে। আহত আক্তারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুই ব্যক্তি পূর্বপরিচিত। আটক মাজহারুলকে মাদকসেবী বলে মনে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা-কাটাকাটির একপর্যায়ে আক্তারকে ছুরিকাঘাত করা হয়। পরে আক্তার ও অন্য পথচারীরা মিলে মাজহারুলকে মারধর করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় আক্তার একজনকে কিল-ঘুষি মারছেন। তার শরীর ও পোশাকে রক্তের দাগ রয়েছে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। আরও কয়েকজনকে ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।

ভিডিওতে আশপাশের কয়েকজনকে বলতে শোনা যায়, ছিনতাইয়ের সময় আক্তারকে ছুরিকাঘাত করা হয়েছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাই হিসেবে নিশ্চিত করেনি।

তেজগাঁও থানার ওসি বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা ও ছুরিকাঘাতের কারণ নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ