ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে তরুণীর লাফ, মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে রিয়া খাতুন (২০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিনি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামের বাসিন্দা লতিফ মল্লিকের মেয়ে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় সাড়ে তিন বছর আগে প্রবাসী আল আমিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে সন্তান না হওয়া এবং শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর তিন দিন আগে তাঁকে ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, ভোরে পাশের বেডের স্বজনরা তাঁকে জানালে তিনি ছুটে গিয়ে মেয়েকে থামানোর চেষ্টা করেন। তবে ওয়ার্ডে উপস্থিত অন্যদের নিষেধ উপেক্ষা করে রিয়া নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ ও অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
মতামত দিন