ডলার এনডোর্সমেন্ট ফি এখন সর্বোচ্চ ৩০০ টাকা
পাসপোর্টে ডলার সংযুক্তির (এনডোর্সমেন্ট) ফি এখন থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এর বাইরে কোনো ধরনের সার্ভিস চার্জ, কমিশন বা অন্য কোনো নামে অতিরিক্ত টাকা আদায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৮ মে) জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিয়ম অনুসারে ডলার এনডোর্সমেন্টের ফি সংক্রান্ত স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন হারে চার্জ আদায় করছে। ফি ছাড়াও আলাদা সার্ভিস চার্জ বা কমিশনের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা বিদেশ ভ্রমণের প্রয়োজনেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নিতে নিরুৎসাহিত হচ্ছেন।
সার্কুলারে আরও বলা হয়, গ্রাহকবান্ধব ব্যাংকিং নিশ্চিত এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহে গ্রাহকদের উৎসাহিত করতেই সর্বোচ্চ ফি নির্ধারিত হয়েছে। এখন থেকে শুধুমাত্র একবারের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি আদায় করতে পারবে। তফসিলি ব্যাংকগুলো। এর বাইরে অতিরিক্ত কোনো খরচ গ্রাহকের ওপর চাপানো যাবে না।
ঈদ-উল আযহার ছুটির বাড়তি চাপ সামাল দিতে অন্য সরকারি অফিসের মতো শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল কেন্দ্রীয় ব্যাংক। এ দিনই সিদ্ধান্তটি নেয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে