পাকিস্তানে বাস খাদে পড়ে প্রাণ গেল ৪০ জনের
পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলা পেরিয়ে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঢোকার পরপরই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। খবর ডনের।
বেলুচিস্তান সরকারের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বাস দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আটজন।
তিনি জানান, মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে চালাচ্ছে উদ্ধার তৎপরতা। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে নেওয়া হয়েছে তদন্তের উদ্যোগ।
বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে শুরুতে তৈরি হয় বিভ্রান্তি। শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল বাসটি। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও এতে উঠে পড়েন। এদিকে খাইবার পাখতুনখাওয়ার জরুরি সেবা সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।
খবর পেয়ে ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত আটজনকে ভর্তি করা হয়েছে ঝোব জেলা সদর হাসপাতালে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলোও স্থানান্তর করা হয় ঝোব জেলা সদর হাসপাতালে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক এক বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও। উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বেলুচিস্তান সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।
মতামত দিন