Views Bangladesh Logo

মেয়র পদে দলীয় প্রতীক থাকবে কি না, সিদ্ধান্ত সংসদের

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে কি না, তা নির্ভর করছে জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে দলীয় প্রতীকের বিধান বহাল থাকবে কি না, সে বিষয়টি মূলত সংসদের সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান। তিনি সংরক্ষিত নারী আসন ও স্থগিত উপনির্বাচন নিয়েও কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরেন।

মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান সংক্রান্ত অর্ডিন্যান্স প্রসঙ্গে তিনি বলেন, তার জানা মতে অধ্যাদেশের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। তবে সংসদ অধিবেশন শুরু হলে এ বিল বা অধ্যাদেশ অনুমোদিত (রেটিফাই) হলে সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি তা পরিবর্তিত হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তাহলে নির্বাচনও সেভাবেই হবে। কমিশন এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। দলগুলো প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে।

বিধান অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ