Views Bangladesh Logo

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে কমিটি মন্ত্রণালয়ের কাছে জানতে চায়। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা কমিটিকে জানাতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মান উন্নয়নে মন্ত্রণালয়ের আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের জন্য বলা হয়েছে। সৌদি আরবসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেছে কমিটি।

গত ১৪ অক্টোবর মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি আরব এ বিষয়ে বাংলাদেশকে কিছু জানায়নি।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ