বিদেশি মিশনে ‘শিক্ষা কূটনীতি সেবা’ চালুর প্রস্তাব সংসদীয় কমিটির
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে শিক্ষার্থীদের জন্য ‘শিক্ষা কূটনীতি সেবা’ চালুর প্রস্তাব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে নারী শ্রমিকদের জন্য বিশেষ জরুরি হটলাইন চালুরও প্রস্তাব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব প্রস্তাবে সম্মতি দিয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি, গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন এবং আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে যান। তাঁদের প্রয়োজনীয় সহায়তা দিতে বিদেশি মিশনগুলোতে আলাদা ডেস্ক বা সেবা চালুর সুপারিশ করা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়টিও আলোচনায় আসে। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন কোনো তথ্য দেয়নি। মন্ত্রণালয়ের ১৬ আগস্টের বিবৃতিতে যে অবস্থান জানানো হয়েছিল, বৈঠকেও সেটিই তুলে ধরা হয়।
ওই বিবৃতিতে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ জন্য দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত ফেরত পাঠাতে এবং শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্রনীতিসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করা হয়।
কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি।
অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটির বৈঠক
এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত সংস্কার, কর-জিডিপি অনুপাত এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও কোনো আলোচ্যসূচিই শেষ করা যায়নি।
বৈঠক শেষে কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকারদলীয় কয়েকজন সদস্য বৈঠক দ্রুত শেষ করে অন্য দিন আলোচনা করার কথা বলেন। তাঁর দাবি, কমিটির কার্যক্রমকে সরকারদলীয় কিছু সদস্য ‘আলংকারিক’ হিসেবে দেখছেন।
বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদনব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করা, দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগ কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু, এনবিআরের সক্ষমতা বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
মতামত দিন