Views Bangladesh Logo

নারী এমপিদের স্বাগত জানিয়ে স্পিকার বললেন ‘আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে’

জাতীয় সংসদে প্রথমবারের মতো যোগ দিয়েছেন সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য। তাদের উপস্থিতিতে সংসদ ‘কালারফুল’ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) সংসদের বৈঠকের শুরুতে নারী সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে স্পিকার বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। নারী সদস্যদের আগমনে সংসদ পূর্ণতা পেয়েছে। তাদেরও অভিনন্দন জানাই।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শেষ হলেও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ৩ মে শপথ নেন। প্রায় এক মাস পর তারা প্রথমবারের মতো অধিবেশনে অংশ নেন।

প্রশ্নোত্তর পর্বে প্রথমে প্রশ্ন করেন মিজানুর রহমান। এরপর স্পিকার বলেন, নারীরা আজ সংসদে এসেছেন, তাদের সুযোগ দিতে হয়।

এ সময় তিনি বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহেনা আক্তার রানুকে প্রশ্ন করার সুযোগ দেন।

প্রশ্ন করার আগে রেহেনা আক্তার রানু বলেন, ফুল ফুটুক আর নাই ফুটুক, এই সংসদে আজ বসন্ত—আমাদের ৫০ জনের।

একপর্যায়ে তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, আপনাকে কড়া হেডমাস্টার নয়, নারীবান্ধব হিসেবে দেখতে চাই।

রেহেনা আক্তার আরও বলেন, স্পিকার যদি সুযোগ দেন, তাহলে ৫০ নারী সদস্য অলংকার নয়, নারী সমাজের অহংকার হবেন। আপনি সাতবার এমপি নির্বাচিত হয়েছেন, আপনার মতো আমিও সাতবার এমপি হতে চাই।

জবাবে স্পিকার হাস্যরসের সুরে বলেন, বক্তৃতা করে সাতবার এমপি হতে পারবেন না। এলাকার মানুষের সঙ্গে মিশে কাজ করুন। সাতবার নয়, ২৭ বার এমপি হতে পারবেন।

পরে স্পিকার সংসদের সব নারী সদস্যকে উদ্দেশ করে বলেন, বক্তৃতা নয়, সবাইকে প্রশ্ন করতে হবে।

নারী সংসদ সদস্যদের প্রথম দিনের উপস্থিতি ও স্পিকারের মন্তব্য সংসদে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ