Views Bangladesh Logo

পাকিস্তানে প্রবেশের সময় ৫৪ সন্ত্রাসীকে হত্যা

ফগানিস্তান সংলগ্ন সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের সময় কমপক্ষে ৫৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

রোববার (২৭ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা-আইএসপিআর জানিয়েছে, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলের সাধারণ এলাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত একদল সন্ত্রাসীর গতিবিধি নজরে পড়ে। নিজস্ব সৈন্যরা কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

পাকিস্তান আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে, ৫৪ জন খারেজিকে জাহান্নামে পাঠানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে দেশটির সরকার ‘ফিতনা আল খারেজি’ শব্দটি ব্যবহার করে।

নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, খারেজির এই দলটি তাদের ‘বিদেশি প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ-স্তরের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুপ্রবেশ করছিল।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যার বেশিরভাগই টিটিপির নামে পরিচিত পাকিস্তানি তালেবানদের উপর দোষারোপ করা হয়েছে। এই গোষ্ঠীটি পৃথক হলেও আফগান তালেবানদের সাথে তাদের জোট বজায় রয়েছে, যারা ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকে টিটিপির অসংখ্য নেতা এবং যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় পেয়েছে।

রোববার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার বিদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরের ঘটনা পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে। অথচ আমরা দেশের পশ্চিম সীমান্তে সন্ত্রাস দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাচ্ছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ