Views Bangladesh Logo

করাচিতে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীদের হামলা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে এ বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভেরিফাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের জানালা ভেঙে ফেলেছেন এবং কিছু অংশে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্থানীয় সূত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি হত্যার খবরের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ শুরু হয়েছে এবং পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, বিপুলসংখ্যক বিক্ষোভকারী জোরপূর্বক দূতাবাসের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। এ সময় দূতাবাসের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনেক বিক্ষোভকারী দূতাবাসের গেট অতিক্রম করে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে মূল ভবনের দিকে এগিয়ে যায়। তারা ভবনের দরজা-জানালার কাচ ভাঙার চেষ্টা করে এবং ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে খামেনির মৃত্যুকে ঘিরে ক্ষোভের আগুন মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাগদাদেও বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা চালায়। সেখানে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ