বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণগ্রস্ততা ও স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর ৯/৫ নম্বর সড়কের এফ ব্লকের ৩৮ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহসীন আল মুরাদ জানান, শাহবাজ বাংলাদেশে বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন এবং এ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির দারোয়ান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
এরপর শাহবাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
মতামত দিন