সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে পাকিস্তান বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে: ভারতীয় সেনাপ্রধান
পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় ও সমর্থন দেওয়া অব্যাহত রাখলে দেশটি বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) ভারতের রাজধানী নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘ইউনিফর্ম আনভেইলড’ অনুষ্ঠানে এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসে পরিণত হতে চায়।
গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে—এমন প্রশ্নের জবাবে তিনি একই ধরনের কড়া বার্তা পুনর্ব্যক্ত করেন।
গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। নয়াদিল্লির দাবি ছিল, কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত বিভিন্ন ‘সন্ত্রাসী অবকাঠামোতে’ নির্ভুল হামলা চালানো হয়েছে।
এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে। দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা সামরিক উত্তেজনার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এর আগে শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর ‘উসকানিমূলক যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে