Views Bangladesh Logo

সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

সৌদি আরবের ভূখণ্ডে ইয়েমেনের হুতিদের ধারাবাহিক হামলা বন্ধে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে লক্ষ্যেই তেহরানের প্রতি এ বার্তা দিয়েছে ইসলামাবাদ।

মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের একটি বিমানঘাঁটি এবং আশপাশের জ্বালানি অবকাঠামোয় হুতিদের হামলায় ৭৩ জন আহত হন। সৌদি কর্তৃপক্ষের মতে, হামলায় আবহা, জাজান ও নজরানসহ কয়েকটি এলাকাও লক্ষ্যবস্তু হয়। ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটিকে অন্যতম বড় হুতি হামলা হিসেবে দেখা হচ্ছে।

হামলার পাল্টা জবাবে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এসব হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এরই মধ্যে বুধবারও আবহা, খামিস মুশাইত ও জাজান এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

পরিস্থিতির এমন অবনতিতে সৌদি আরব ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়ছে। একই সঙ্গে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে সৌদি ভূখণ্ডে হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

পাকিস্তানের সতর্কবার্তার গুরুত্ব বাড়িয়েছে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে দেশটির প্রতিরক্ষা সহযোগিতা। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদি আরবে সংঘাত ছড়িয়ে পড়লে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে বিদ্যমান যৌথ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হতে পারে। তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ইরানকে হুতিদের ওপর প্রভাব কাজে লাগিয়ে সৌদি আরবে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তাটি পাওয়ার কথা নিশ্চিত করলেও তেহরানের বক্তব্য, ‘ইরান হুতিদের নিয়ন্ত্রণ করে না।’ তবে দুই ইরানি সূত্র দাবি করেছে, গত সপ্তাহে ইরানই হুতিদের সৌদি আরবে হামলার নির্দেশ দিয়েছিল এবং এ জন্য অতিরিক্ত অর্থ ও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এসব দাবির স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এদিকে রিয়াদে সৌদি, পাকিস্তান ও তুরস্কের সামরিক কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় নিয়ে বৈঠক হয়েছে। পাকিস্তানি একটি সূত্রের দাবি, তিন দেশ ইয়েমেনে সেনা না পাঠানোর বিষয়ে একমত হয়েছে। প্রয়োজনে যেকোনো সামরিক প্রতিক্রিয়া সৌদি ভূখণ্ড থেকেই পরিচালিত হবে। পাকিস্তানও জানিয়েছে, সৌদি আরবকে সহায়তার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রতিরক্ষামূলক থাকবে এবং বিদেশের মাটিতে সরাসরি যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ