Views Bangladesh Logo

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এই নির্দেশের তথ্য জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

দীর্ঘদিন ধরে ইমরানকে হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল তার দল ও পরিবার, তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং এসব মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। ইমরানের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত বছর তার ছেলেরা বারবার তার অবনতিশীল স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আইনজীবীরা জানিয়েছিলেন, কারাগারে থাকার সময় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ‘এটি স্বাগত জানানোর মতো একটি নির্দেশ। আমরা চাইতাম, এটি আরও আগেই হোক, যাতে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি না হয়।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা উচিত।’

ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা এক্সে জানিয়েছেন, আদালত ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে রাখার নির্দেশ দিয়েছেন।

অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার এবং বেআইনি বিয়েসহ একাধিক মামলা হয়। কয়েকটি মামলায় দেওয়া সাজা স্থগিত বা বাতিল হয়েছে, তবে কয়েকটি মামলার আপিল এখনও বিচারাধীন। ইমরান সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট কিংবদন্তিরা ইমরান খানের সঙ্গে আরও ভালো আচরণের দাবি জানান এবং কারাগারে তার পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন।

২০১৮ সালে পিটিআই ক্ষমতায় আসে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশে এখনও দলটির বড় জনসমর্থন রয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনের আগে দলটির নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয়, ফলে পিটিআইয়ের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ