Views Bangladesh Logo

ইমরান খানের দুই বোনকে কারাগার থেকে মুক্তি দিল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনকে বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারবিরোধী কর্মসূচি সামনে রেখে কয়েক সপ্তাহ আগে তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছেন তাদের আইনজীবী।


আইনজীবী মুদাসসার উমর জানান, লাহোরের কোট লাখপত কারাগার থেকে উজমা খান ও নরিন নিয়াজিকে মুক্তি দেওয়া হয়েছে। সরকার তাদের আটকাদেশ স্থগিত করার পর তারা ছাড়া পান।


ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, তার আরেক বোন আলিমা খান এখনো কারাগারে রয়েছেন।


পাকিস্তান সরকার বলেছিল, ইমরান খানের দলের পরিকল্পিত ইসলামাবাদ অভিমুখী পদযাত্রার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তার বোনেরা হুমকি হয়ে উঠতে পারেন—এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়নি।


ইমরানের দলের নেতৃত্বাধীন খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকার ওই বিক্ষোভের আয়োজন করছিল। পরে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারটির কার্যক্রম স্থগিত করে। এ বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।


উজমা খানের ছেলে ওয়ালি খান প্রশ্ন তুলেছেন, তার মাকে ৫৩ দিন আটক রাখার পর কেন মুক্তি দেওয়া হলো। তার মতে, এসব সিদ্ধান্তের পেছনে আইনি ভিত্তি ছিল না।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তাদের কারাবন্দি করা যেমন ছিল স্বেচ্ছাচারী, মুক্তিও তেমনই।”


ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার এক দিন পর তার দুই বোনকে মুক্তি দেওয়া হলো।


২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানকে ডান চোখের সমস্যার জন্য একটি ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি তার রক্তচাপেরও চিকিৎসা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের কর্মকর্তারা।


৭৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার ও রাজনীতিক ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হন। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন।


ইমরানের একটি মামলা ছাড়া বাকি সব মামলায় তার দণ্ড স্থগিত হয়েছে অথবা তা বাতিল করা হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি চলছে। ইমরান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ