Views Bangladesh Logo

জাতীয় নীতি বিরুদ্ধ বক্তব্য প্রচারের অভিযোগে জিও নিউজকে পাকিস্তান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা। একটি টেলিভিশন অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন) গভীর রাতে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) এ সংক্রান্ত আদেশ জারি করে। একই সঙ্গে ঘটনাটির বিষয়ে আরও তদন্ত এবং আইনগত কার্যক্রম শুরু করার কথাও জানানো হয়েছে।

পিইএমআরএ-এর আদেশে বলা হয়েছে, শুক্রবার সকালে জিও নিউজে প্রচারিত ‘সফর-ই-ইশক’ অনুষ্ঠানের কিছু দৃশ্যকে কেন্দ্র করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, অনুষ্ঠানে প্রচারিত কয়েকটি দৃশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

ঘটনার অধিকতর তদন্ত এবং পাকিস্তানের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি পিইএমআরএ-এর রেগুলেটরি কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া জিও নিউজকে ঘটনাটির বিষয়ে নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। চ্যানেলটিকে পুরো অনুষ্ঠান পর্যালোচনা, কী পরিস্থিতিতে এটি সম্প্রচার করা হয়েছে তা তদন্ত এবং বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মারকাজি জামিয়াত আহলে হাদিস-এর প্রধান ইবতিশাম জাহিরের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইবতিশাম জাহির নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ মুহাম্মদ সাঈদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অভিযোগ পাওয়ার পরই পাকিস্তান সরকার জিও নিউজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তবে রেগুলেটরি কাউন্সিলের তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুত্র: এবিপি আনন্দ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ