Views Bangladesh Logo

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের

বঙ্গোপসাগরে নিয়মিত নৌ-উপস্থিতি প্রতিষ্ঠার পরিকল্পনা করছে পাকিস্তান। সাবমেরিন পিএনএস হ্যাঙ্গরের মাধ্যমে এই উপস্থিতি নিশ্চিত করতে চায় দেশটির নৌবাহিনী। কলম্বো সফরকালে পাকিস্তান নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।

সাবমেরিনটিকে নিয়ে আসতে নৌবাহিনীর একটি বহর নিয়ে চীনে গিয়েছিলেন কমোডর ওমর ফারুক। তিনি চীনের তৈরি এই সাবমেরিনকে পাকিস্তানের নৌ-সক্ষমতার জন্য 'গেম চেঞ্জার' হিসেবে বর্ণনা করেছেন।

কমোডর ওমর ফারুক বলেন, হ্যাঙ্গর শ্রেণির সাবমেরিন অন্তর্ভুক্তি পাকিস্তানকে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বজায় রাখার সক্ষমতা দেবে।

তিনি আরও বলেন, ‘পিএনএস হ্যাঙ্গর সিরিজের আরও ৭টি সাবমেরিন শিগগিরই পাকস্তিানের নৌবাহিনীকে অন্তর্ভুক্ত হবে। এই সিরিজের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি বজায় রাখবে।’

এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) প্রযুক্তিতে সজ্জিত এই সাবমেরিন পানির ওপরে না উঠেও সপ্তাহের পর সপ্তাহ অবস্থান করতে সক্ষম, যা এটিকে শত্রুপক্ষের নজর এড়িয়ে চলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দেয়। হাঙ্গর শ্রেণির মোট আটটি সাবমেরিন সংগ্রহের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের।

এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা তীব্র হয়ে উঠছে। একাধিক দেশ এই অঞ্চলে নৌ-সক্ষমতা বাড়াচ্ছে এবং ভারতও বঙ্গোপসাগরে তার নিরাপত্তা উপস্থিতি জোরদার করা অব্যাহত রেখেছে।

এদিকে, এই সফরের অংশ হিসেবে পাকিস্তানি ও শ্রীলঙ্কান কর্মকর্তারা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং নৌ-কূটনীতি আরও গভীর করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র : বার্ড মেরিটাইম, ইন্ডিয়া টুডে


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ