যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতে মধ্যস্থতায় পাকিস্তান!
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। সামরিক উত্তেজনার পাশাপাশি এখন গুরুত্ব পাচ্ছে পর্দার আড়ালের কূটনৈতিক তৎপরতা। এই প্রেক্ষাপটে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসছে পাকিস্তানের নাম।
আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক সূত্র বলছে, সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে পাকিস্তান তার রাজধানী ইসলামাবাদের প্রস্তাব দিয়েছে। যদিও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইরান—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। বিবিসি ও ডন
ওয়াশিংটনভিত্তিক গবেষক ভ্যালি নাসর মনে করেন, এই উদ্যোগের পেছনে সৌদি আরবের নীরব সমর্থন থাকতে পারে। তার মতে, রিয়াদের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিকে পাশ কাটিয়ে ইসলামাবাদের এমন পদক্ষেপ নেওয়া কঠিন।
দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, পাকিস্তানের মধ্যস্থতাকারী হওয়ার সম্ভাবনা অস্বাভাবিক নয়। সাম্প্রতিক সময়ে ইরান ও পাকিস্তানের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের যোগাযোগ হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের সঙ্গেও ইসলামাবাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে ইরানের কূটনৈতিক স্বার্থও দেখভাল করে পাকিস্তান।
সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে তুরস্ক ও মিসরের মতো দেশও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে ভূমিকা রাখছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে সীমান্ত থাকার কারণে পাকিস্তান ও তুরস্কের জন্য এই সংঘাত সরাসরি নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে—বিশেষ করে উদ্বাস্তু সংকট ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় তারা দ্রুত সমাধান চায়।
অন্যদিকে, আরব বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে মিসরের অবস্থানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকায় কিছু বার্তা আদান-প্রদানে কায়রোর ভূমিকা কার্যকর হতে পারে।
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সরাসরি আলোচনায় বসা তেহরান বা ওয়াশিংটন—কোনো পক্ষের জন্যই সহজ নয়। তাই তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজনীয়তা বেড়েছে, যেখানে পাকিস্তান নিজেকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসার চেষ্টা করছে।
এদিকে, অতীতে ভারত–পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও দিয়েছিল। পাশাপাশি দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে