Views Bangladesh Logo

বার্ধক্যরোধী ইনজেকশনের উপাদান তৈরিতে পাকিস্তান থেকে মানব গর্ভফুল পাচার

বার্ধক্যরোধী ইনজেকশন তৈরির উপাদান হিসেবে ব্যবহারের জন্য পাকিস্তান থেকে মানব গর্ভফুল (প্লাসেন্টা) বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। তদন্তকারীদের ধারণা, এর পেছনে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

গত সপ্তাহে ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫০০ কেজি সন্দেহভাজন মানব গর্ভফুল উদ্ধার করে এফআইএ। কর্মকর্তাদের দাবি, বাড়িটি প্লাসেন্টা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অবৈধ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর কয়েকদিন পর ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েতনামগামী প্রায় ১০০ কেজি মানবদেহের টিস্যুর একটি চালান জব্দ করা হয়। কর্তৃপক্ষের সন্দেহ, সেটিও মানব গর্ভফুল ছিল।

পাকিস্তানের হিউম্যান অর্গান ট্রান্সপ্লান্ট অথরিটির কর্মকর্তা হিনা কানওয়াল জানান, চক্রটি ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিভিন্ন হাসপাতাল থেকে প্রতিটি গর্ভফুল প্রায় ৮০০ পাকিস্তানি রুপিতে সংগ্রহ করত। পরে সেগুলো শুকিয়ে প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হতো। এফআইএর তথ্য অনুযায়ী, এসব উপাদান দিয়ে তৈরি একটি বার্ধক্যরোধী ইনজেকশনের বাজারমূল্য প্রায় সাত লাখ পাকিস্তানি রুপি।

তদন্তে জানা গেছে, চক্রটির কার্যক্রম শুধু ইসলামাবাদেই সীমাবদ্ধ ছিল না; লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন শহরেও তাদের নেটওয়ার্ক ছিল। হাসপাতাল, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং অভিবাসন কর্মকর্তাদের সম্ভাব্য সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেছিলেন, তারা ভেড়ার প্লাসেন্টা সংগ্রহ করছিলেন। পরে তারা স্বীকার করেন, সেগুলো মানব গর্ভফুল ছিল।

স্ত্রীরোগ বিশেষজ্ঞ সাদাফ তারিক বলেন, প্লাসেন্টা অত্যন্ত সংক্রামক চিকিৎসা-বর্জ্য হিসেবে বিবেচিত হয়। প্রসবের পর এটি নির্ধারিত নিয়মে ধ্বংস করতে হয় এবং এ কাজ কেবল সরকার অনুমোদিত প্রতিষ্ঠানই করতে পারে।

পাকিস্তানের আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে মানব অঙ্গ বা সংশ্লিষ্ট টিস্যু সংগ্রহ ও পাচারের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ পাকিস্তানি রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এফআইএর এক কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ মানব অঙ্গ প্রতিস্থাপন নিয়ে আগে অভিযান চালানো হলেও মানব গর্ভফুল পাচারে জড়িত আন্তর্জাতিক সংঘবদ্ধ চক্রের সন্ধান এবারই প্রথম পাওয়া গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ