আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের
আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করার দাবি করেন।
শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়েছিল, তবে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। তিনি লেখেন, “এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এক্সে দেওয়া এক পোস্টে জানান, দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া হবে “ব্যাপক ও চূড়ান্ত”।
আল–জাজিরার কাবুল সংবাদদাতা নাসের শাদিদের বরাতে জানা যায়, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে কাবুলে পাকিস্তানি বাহিনী প্রথম দফায় বোমা ফেলে এবং পরে আরও একটি হামলা চালায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালালে দুই পাকিস্তানি সেনা নিহত হয় বলে ইসলামাবাদ দাবি করে। এর জবাবেই কাবুল ও কান্দাহারে পাল্টা হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত রোববারও আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের হামলায় ১৩ জন বেসামরিক নিহত হয়েছে বলে জাতিসংঘের আফগানিস্তান মিশন জানিয়েছিল। তবে হতাহতের সংখ্যা নিয়ে কাবুল ও ইসলামাবাদের মধ্যে ভিন্ন দাবি রয়েছে। পাকিস্তানের দাবি, সেখানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়; অন্যদিকে কাবুল ১৮ জন নিহতের কথা জানায়।
ওই ঘটনার পর তালেবান সরকারের সামরিক মুখপাত্র মৌলভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি ‘প্রতিশোধমূলক অভিযান’ চালানোর ঘোষণা দেন। এর পরই কাবুল ও কান্দাহারে পাকিস্তানের নতুন হামলার খবর সামনে এল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে