পাকিস্তানি টিকটক তারকা সানা ইউসুফকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
পাকিস্তানের টিকটক ও ইনস্টাগ্রাম তারকা সানা ইউসুফকে হত্যার দায়ে উমর হায়াত (২৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এই হত্যাকাণ্ডের ঘটনাটি গত বছর দেশজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।
২০২৫ সালের ২ জুন ইসলামাবাদে নিজ বাসভবনে ১৭ বছর বয়সী সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, সানা বারবার দেখা করার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন দণ্ডপ্রাপ্ত উমর। ঘটনার দিন তিনি জোরপূর্বক সানার বাড়িতে ঢুকেন এবং তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে। সানার মা ও খালা এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন।
হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যে পাকিস্তান পুলিশ ফয়সালাবাদ থেকে উমর হায়াতকে গ্রেপ্তার করে। তাকে আটকের পর তদন্তকারী কর্মকর্তাদের কাছে সে তার অপরাধ স্বীকার করে।
জুলাই মাসে দেওয়া জবানবন্দিতে উমর জানান, অনলাইনে সানার সঙ্গে যোগাযোগের পর থেকেই সে একতরফাভাবে তার প্রতি আসক্তি তৈরি হয়েছিল। সানার সাথে দেখা করতে সে ইসলামাবাদে আসে এবং বারবার প্রত্যাখ্যান করায় আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
রায় ঘোষণার পর আদালতের বাইরে সানার বাবা হাসান ইউসুফ সাংবাদিকদের বলেন, এই রায় অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা এবং সমাজের জন্য ন্যায়বিচারের প্রতীক।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে