যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান
পাকিস্তান যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র আলজাজিরাকে জানিয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি ইরানি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষা চলছে।
আলজাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদের বরাতে বলা হয়, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ নিয়ে আগামী দিনগুলোতে ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
এদিকে মধ্যস্থতার প্রক্রিয়ায় আরও কিছু দেশ সক্রিয় ভূমিকা রাখছে বলে জানা গেছে। তুরস্কর ক্ষমতাসীন দলের পররাষ্ট্রবিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে। তার মতে, উত্তেজনা কমিয়ে সরাসরি আলোচনার পথ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এবং দেশটি অন্যান্য মধ্যস্থতাকারী দেশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
সূত্র অনুযায়ী, এখন মূল নজর ইরানের আনুষ্ঠানিক অবস্থানের ওপর, যা ভবিষ্যৎ আলোচনার দিক নির্ধারণ করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে