Views Bangladesh Logo

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১২

আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা ও প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে রোববার বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সাম্প্রতিক একাধিক হামলার জন্য এসব গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। এর মধ্যে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় বহু মানুষ নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

আফগান সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সীমান্তবর্তী দুটি প্রদেশে এ হামলা চালানো হয়। পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয়ে ড্রোন হামলা হয় এবং নানগারহার প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে।

ইসলামাবাদ দাবি করেছে, সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশনায় পরিচালিত হয়েছে—এ বিষয়ে তাদের কাছে ‘চূড়ান্ত প্রমাণ’ রয়েছে। হামলায় পাকিস্তান তালেবান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি শিবির, পাশাপাশি ইসলামিক স্টেটের একটি সহযোগী সংগঠনের আস্তানা লক্ষ্যবস্তু করা হয়।

এই অভিযানটি চালানো হয় এমন এক সময়, যখন কয়েক ঘণ্টা আগে বান্নুতে এক আত্মঘাতী হামলায় দুই সৈন্য নিহত হন। এর আগে সোমবার বাজাউরে হামলায় ১১ সৈন্য ও এক শিশু নিহত হয়। গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ৩১ জন মুসল্লি নিহত হন, যার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।

পাকিস্তান বারবার তালেবান সরকারকে আফগান ভূখণ্ড সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জন্য ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাদের অভিযোগ, কাবুল এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ