ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব দেয়া হবে: পাকিস্তান সেনাপ্রধান
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। বৃহস্পতিবার (১ মে) পাকিস্তান সেনাবাহিনীর সামরিক মহড়া পরিদর্শনকালে তিনি এই হুমকি দেন।
সেনাপ্রধান মুনির বলেন, ‘একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হলো, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
আইএসপিআরের বরাত দিয়ে এ প্রসঙ্গে সংবাদমাধ্যম দ্য ডন জানায়, পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালায় পাকিস্তান সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস। সেই মহড়া পরিদর্শনে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেন তিনি।
এর আগে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না। কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেয়া হবে।
তিনি বলেন, “বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত শক্তির সাথে জবাব দেব।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ২৬ জন। এ হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা সরাসরি অস্বীকার করে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। এতে পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে