Views Bangladesh Logo

পদ্মা ব্যারাজ নির্মাণে ৩৪ হাজার কোটি টাকা ব্যয় হবে, বাস্তবায়ন ২০৩৩ সালের মধ্যে

পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পকে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে। এই প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি।


সরকারদলীয় সংসদ সদস্য হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের ডিপিপি (বিস্তারিত প্রকল্প প্রস্তাব) ইতিমধ্যে প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

সরকারদলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় আগামী জুন ২০২৬-এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় মিলে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে একই সময়ের মধ্যে আরও ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কার করবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরের জুন পর্যন্ত ৩৫৩ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা রয়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ। এ ছাড়া আগামী ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীতে ড্রেজিং ও ডুবোচর অপসারণ, ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ এবং ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ