Views Bangladesh Logo

হাসপাতালের ‘অক্সিজেন লাইনে লিকেজ’, আবারও শিশুর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেনের লাইনে লিকেজের’ কারণে চার মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর শ্যামলী এলাকায় 'শ্যামলী বেবি কেয়ার' নামে একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া চার মাসের শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করছেন। তার অভিযোগ, চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপরই তার সন্তানের মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।

জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত চিকিৎসক জানান, গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুটি হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত ছিল। তার অবস্থা বিকাল থেকেই খারাপ হচ্ছিল। অক্সিজেন লাইনে লিকেজের সঙ্গে শিশু মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ