Views Bangladesh Logo

ইরানে টানা ১১তম দিনে বিমান হামলা, পূর্ব তেহরানে নিহত ৪০

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা মঙ্গলবার (১০ মার্চ) টানা ১১তম দিনে গড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা চালানোর ঘোষণা দেন। এর পর সোমবার (৯ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ব্যাপক বিমান হামলা চালায়।

ইরানের পরিস্থিতি বর্ণনা করে আল-জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভ্যাল বলেন, রাজধানীতে এটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে আতঙ্কজনক রাতগুলোর একটি। কয়েক ঘণ্টা ধরে একের পর এক বিস্ফোরণ ঘটেছে—সংখ্যা গণনা করাও কঠিন হয়ে পড়েছিল। বিস্ফোরণের তীব্রতায় আল জাজিরার কার্যালয়ের জানালাও কেঁপে ওঠে।

তিনি আরও জানান, তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সোমবার রাতে তেহরানের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল বলে জানিয়েছে আল জাজিরা। বিশেষ করে শহরের পূর্ব আকাশে বারবার আলোর ঝলকানি দেখা গেছে।

এদিকে ঐতিহাসিক শহর ইস্পাহানেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে গভর্নরের কার্যালয়সহ ইউনেসকো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ