Views Bangladesh Logo

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে পিটিশন, সই ৯১ লাখের বেশি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের জেরে দলটিকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবিতে অনলাইনে একটি পিটিশন চালু হয়েছে। পিটিশনটিতে এখন পর্যন্ত ৯১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ সই করেছেন বলে দাবি করা হয়েছে।

‘ArgentinaOut.com’ নামে একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

পিটিশনে বলা হয়েছে, ‘এটা স্পষ্ট যে ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। বিজয়ী দল যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে বিশ্বের বাকি দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক এবং অন্য দলগুলোকে ন্যায্য সুযোগ দেওয়া হোক।’

বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের পর থেকেই এ বিতর্ক তীব্র হয়। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ওই ম্যাচে মিসরের একটি গোল আক্রমণের শুরুতে ফাউলের কারণে বাতিল হয়। এছাড়া আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে নিজেদের ওপর ফাউল হয়েছিল বলেও দাবি করে মিসর।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিসরের কোচ বলেন, ‘পরিণতি যা-ই হোক, আমি আমার মতামত বলব। এটা স্পষ্টভাবেই সাজানো হয়েছে এবং সবাই তা দেখেছে। যদি তারা এতটাই চায় আর্জেন্টিনা জিতুক, তাহলে বিশ্বকাপে অন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে কেন?’

তবে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘১৯৮৬ সালেও বলা হয়েছিল, আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়।’

স্কালোনির ভাষ্য, ‘কিছু মানুষ আর্জেন্টিনাকে জিততে দেখতে পছন্দ করেন না। এসব মন্তব্য বরং আমার দলকে আরও ভালো ফুটবল খেলতে অনুপ্রাণিত করে।’

রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের দিনে ভিএআর এবং এত প্রযুক্তি থাকার কারণে কাউকে সাহায্য করা অত্যন্ত কঠিন। ভিন্ন ব্যাখ্যার সুযোগ খুবই সীমিত। কোনো পক্ষপাতিত্ব নেই। হয়তো অনেক বছর আগে এমন কিছু সম্ভব ছিল, কিন্তু এখন তা প্রায় অসম্ভব।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ