ইরানে হামলায় অংশ নিয়েছে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা অংশ নিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
বুধবার তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ২৪ ঘণ্টাব্যাপী হামলা অব্যাহত রয়েছে এবং অভিযান নির্ধারিত ‘গেম প্ল্যান’-এর চেয়েও এগিয়ে আছে। একই সময়ে ইসরায়েলও ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ‘বিস্তৃত ঢেউয়ের’ হামলা চালিয়েছে।
সেন্টকমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৫০ হাজারের বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান এবং দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে বলে জানান অ্যাডমিরাল কুপার।
তার ভাষায়, ‘সমুদ্রতল থেকে মহাকাশ ও সাইবার জগত পর্যন্ত—সব ক্ষেত্রেই ইরানের ভেতরে ২৪/৮ হামলা চালানো হচ্ছে। আরও সামরিক সরঞ্জাম পথে রয়েছে।’
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র আশা করেছিল, তেহরানের ধর্মীয় নেতৃত্বকে দ্রুত অপসারণ করা যাবে। তবে ইরান পাল্টা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে।
একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি শনিবারের প্রাথমিক হামলায় নিহত হওয়ার পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছে।
যুদ্ধ পঞ্চম দিনে গড়ালে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেয়। তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ করিডর হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় সোনা ও মার্কিন ডলারের দাম নিরাপদ বিনিয়োগের চাহিদায় বেড়ে যায়।
এদিকে চলমান সংঘাতের প্রভাবে ২০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমান ও পর্যটন খাত বড় ধরনের চাপে পড়েছে। বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে জরুরি উদ্যোগ নিয়েছে। সূত্র: রয়টার্স

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে