এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ পরীক্ষার্থীর
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে ৪ লাখের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এসব পরীক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান। তিনি বলেন, ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি পত্রের সঙ্গে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। ফলে তাত্ত্বিক ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে।
পুনর্নিরীক্ষণের ফল কবে প্রকাশ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরদিন ১১ আগস্ট থেকে আশানুরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। সোমবার ছিল আবেদনের শেষ দিন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের আইইআইএমএস প্রকল্পের আওতায় তৈরি ওয়েবসাইটের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়েছে। প্রতিটি পত্রের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা করে ফি দিতে হয়েছে।
এবার পুনর্নিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নও করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গত ১০ আগস্ট সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মতামত দিন