Views Bangladesh Logo

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, চার শতাধিক আটক

শ্রেণিকক্ষে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষকসংকটের প্রতিবাদে ফ্রান্সজুড়ে হাইস্কুলগুলোতে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। মঙ্গলবার দেশজুড়ে আন্দোলন চলাকালে চার শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ, যাদের বড় একটি অংশই অপ্রাপ্তবয়স্ক।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস থেকে শুরু হওয়া এ আন্দোলন দ্রুত দেশের অন্যান্য অঞ্চলের হাইস্কুলগুলোতে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ গড়ে তোলেন। মঙ্গলবার বিক্ষোভের সময় অন্তত ১০ জন শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী এবং ৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির অন্তত ৪০০টি স্কুলে এ আন্দোলনের প্রভাব পড়েছে।

শিক্ষার্থী ইউনিয়নের প্রতিনিধিরা পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইউনিয়ন সিন্ডিক্যাল লিসিয়েন’-এর প্রধান রিয়াদ রানি অভিযোগ করেন, আন্দোলন রুখতে সরকার চরম দমনপীড়ন চালাচ্ছ এবং পুলিশ শিক্ষার্থীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করছে।

তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ পুলিশি অভিযানের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সংবেদনশীল ও পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে ১৬ বছর বয়সী এক ছাত্রী বলে, “আমরা একটি সুনির্দিষ্ট বার্তা দিতে এখানে জড়ো হয়েছি। বিনাকারণে কোনো কিছু ভাঙচুর করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের শিক্ষা ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে, সেটিই সেটাই বলার জন্য আমরা এখানে এসেছি। প্রতি ক্লাসে ৩৪ জন করে শিক্ষার্থী বসানো হচ্ছে, যা কোনোভাবেই মাননসই নয়। শিক্ষকদের ওপরও অতিরিক্ত কাজের চাপ।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নীতিনির্ধারকরা। ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, “শিক্ষার্থীদের বিক্ষোভ করার মৌলিক অধিকার রয়েছে, তবে বিক্ষোভের অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানে অবরোধ করা মানে শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের জীবন ঝুঁকিতে ফেলা, যা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ।”

এর আগে সোমবার ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুও সহিংসতা ও আগুনের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে প্যারিসের ইল-দে-ফ্রান্স অঞ্চল থেকে প্রথম এ আন্দোলনের সূত্রপাত হয়।

সূত্র: বিবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ