Views Bangladesh Logo

লন্ডনে প্যালেস্টাইন সমর্থনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এ ঘটনায় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আল–জাজিরা।

শনিবার স্থানীয় সময় পার্লামেন্ট স্কয়ারে এ বিক্ষোভের আয়োজন করে ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। আয়োজকদের দাবি, প্রায় দেড় হাজার মানুষ এতে অংশ নেন। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে অংশগ্রহণকারীদের ধস্তাধস্তি হয়।

ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের মাটিতে ফেলে ধরপাকড় করছে। সংগঠনটির অভিযোগ, কেবল ‘গণহত্যার প্রতিবাদ’ ও ‘প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড হাতে নেওয়ার কারণে অনেককে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজনকে গ্রেপ্তারের পর তার মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়; পানির বোতল ও প্লাস্টিকের বোতল ছোড়ার ঘটনাও ঘটে। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ৪২৫ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থনের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, বিক্ষোভ নিয়ন্ত্রণে গিয়ে তাদের কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু, ইট-পাটকেল এবং গালিগালাজের শিকার হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ