Views Bangladesh Logo

জ্বালানি সংকটে ফিলিপাইনে তিন শতাধিক পেট্রোল পাম্প বন্ধ

চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ফিলিপাইনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এতে দেশজুড়ে তিন শতাধিক পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সরকারি পর্যবেক্ষক দলের বরাতে সোমবার (৩০ মার্চ) জানানো হয়, সরবরাহ ব্যবস্থার ওপর চাপ বেড়ে যাওয়ায় অনেক স্টেশনে জ্বালানি শেষ হয়ে গেছে।

ফিলিপাইন ন্যাশনাল পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে মোট ফিলিপাইন-এ ৩৬৫টি পেট্রোল স্টেশন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ফিলিপাইনের অভ্যন্তরীণ বাজারে।

এ সংকটের কারণে দেশটিতে জ্বালানি তেলের দাম আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে পরিবহন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও নিত্যপণ্যের খরচ বেড়ে গেছে।

সরকারি সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে সরবরাহ ঘাটতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমদানি কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। অনেক পাম্প মালিক পর্যাপ্ত মজুদ না থাকায় এবং লোকসানের আশঙ্কায় কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

বিশ্লেষকদের মতে, আমদানিনির্ভর অর্থনীতির কারণে ফিলিপাইনের মতো দেশগুলোর জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালালেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সূত্র: আল-জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ