উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে
চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযোগে উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। অতিরিক্ত সময় অবস্থান, অবৈধ প্রবেশ, ভিক্ষাবৃত্তি, মাদকসংক্রান্ত অপরাধ, আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান, জাল কাগজপত্র এবং নিরাপত্তাজনিত কারণসহ বিভিন্ন অভিযোগে তাদের ফেরত পাঠানো হয়।
পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রণালয় দেশটির জাতীয় পরিষদে দেওয়া এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় পরিষদের প্রশ্নোত্তর পর্বে এমএনএ হামিদ হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৬২৮ জন ছিলেন পলাতক বা নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি। কারাগার থেকে মুক্তির পর ১ হাজার ২৯৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া ৯৬৮ জনকে কালো তালিকাভুক্ত হওয়ায়, ১ হাজার ১৫৫ জনকে পাসপোর্ট হারানোর ঘটনায় এবং ৬৮৯ জনকে ভিসা লঙ্ঘনের কারণে ফেরত পাঠানো হয়। উপসাগরীয় দেশগুলোর দেওয়া প্রবেশ নিষেধাজ্ঞার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে আরও ৩৪২ জনকে।
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটি প্রায় ১৫ হাজার ৫০০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাত ৩ হাজার ৮০৩ জন, ওমান ১ হাজার ৬০৬ জন, বাহরাইন ৫২১ জন, কাতার ৪২৯ জন এবং কুয়েত ৯৭ জনকে ফেরত পাঠিয়েছে।
এ ছাড়া লিখিত জবাবে নির্দিষ্টভাবে উল্লেখ না করা অন্যান্য শ্রেণির আওতায় আরও ৬ হাজার ৬৬২ পাকিস্তানিকে ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলো থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগেও ৪৭২ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে।
জবাবে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে ইন্টারপোলের মাধ্যমে নয়জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। অন্যদের ফেরত পাঠানোর কারণগুলোর মধ্যে ছিল পরবর্তী গন্তব্যে ভ্রমণের অনুমতি না পাওয়া, ভুয়া পরিচয় ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট, চুরি এবং সংঘাতপূর্ণ এলাকার সঙ্গে সংশ্লিষ্টতা। এ ছাড়া অভিবাসন আইন লঙ্ঘনের কারণেও অনেকে দেশে ফেরত পাঠানো হয়েছেন।
পলাতক ব্যক্তিদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও সৌদি আরব শীর্ষে রয়েছে। দেশটি এ অভিযোগে ৩ হাজার ৯২১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত ফেরত পাঠিয়েছে ৬৩৬ জনকে।
অতিরিক্ত সময় অবস্থান বা অবৈধভাবে প্রবেশের অভিযোগে সৌদি আরব ১ হাজার ৯২৪ জন, সংযুক্ত আরব আমিরাত ৩৪৭ জন এবং ওমান ২৯৫ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে।
মতামত দিন